Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজ ব্যবস্থাপনার প্রস্তুতি নিয়ে জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ২০:৩১ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ২১:৩৬

ঢাকা: হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় চলতি বছরের হজ কার্যক্রম যাতে সুশৃঙ্খল এবং হজযাত্রীদের জন্য নির্বিঘ্ন হয় তা নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজযাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের প্রাক-নিবন্ধন থেকে শুরু করে সৌদি আরবে অবস্থানকালীন আবাসন ও যাতায়াত ব্যবস্থা নিয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী হজ ব্যবস্থাপনায় যেকোনো ধরনের অনিয়ম রোধে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক থাকার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এছাড়া হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সময়মতো ফ্লাইটের প্রাপ্যতা এবং কারিগরি সহায়তা প্রদানের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দেওয়া হয়। বিশেষ করে প্রবীণ হজযাত্রীদের জন্য বিশেষ সহায়তামূলক ব্যবস্থা রাখার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি স্মার্ট হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে ডিজিটাল সেবা আরও সহজলভ্য করার ওপর জোর দেওয়া হয়েছে যাতে হজযাত্রীরা মোবাইল অ্যাপ বা অনলাইন পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দ্রুত পেতে পারেন।

সভায় মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।