Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ২৩:২৩

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: একদিনের রাষ্ট্রীয় সফরে ২০ এপ্রিল (সোমবার) উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তিনি বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনসহ জেলার বেশকিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন সই করা সরকারি সফরসূচি অনুযায়ী এই তথ্য জানা যায়।

সরকারি সফরসূচি অনুযায়ী এই তথ্য জানা যায়, ২০ এপ্রিল সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। তার সফরের কর্মসূচি শুরু হবে সকাল পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে। এরপর ১১টায় তিনি বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন, যা এই অঞ্চলের প্রশাসনিক ও নাগরিক সেবায় এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সফরসূচিতে আরও রয়েছে জনকল্যাণমূলক কিছু কর্মসূচি। সকাল ১১টার পর প্রধানমন্ত্রী শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড দেওয়া কার্যক্রমের শুভ সূচনা করবেন।

একইসঙ্গে বাঘবাড়ী নশিপুরস্থ চৌকিরদহ খালে খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তার। দুপুরের বিরতির পর প্রধানমন্ত্রী শহিদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং তার পৈতৃক ভিটায় কিছুক্ষণ সময় কাটাবেন। বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টায় তিনি ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই রাষ্ট্রীয় সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন। সফরকে কেন্দ্র করে বগুড়া জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলেও জানানো হয়েছে।