Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১১:৪৯

ঢাকা: ঋতুচক্রের অমোঘ নিয়মে আজ সোমবার (৩০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ) মহাকালের গর্ভে বিলীন হতে চলেছে আরও একটি বাংলা বছর। চৈত্রের প্রখর দাবদাহ আর শুকনো পাতার মর্মর ধ্বনি ছাপিয়ে এখন দিকে দিকে নতুনের আহ্বান। পুরোনো বছরের যাবতীয় ক্লানি, জীর্ণতা ও গ্লানি মুছে ফেলে নতুন উদ্যমে জীবনকে সাজানোর চিরায়ত অঙ্গীকার নিয়ে আজ পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি। বাঙালির এই ঐতিহ্যবাহী উৎসবটি কেবল পঞ্জিকার একটি দিনের সমাপ্তি নয়, বরং এটি ধর্ম-বর্ণ নির্বিশেষে এক সর্বজনীন নবজাগরণের প্রতীক।

বাঙালির যাপিত জীবনে চৈত্র সংক্রান্তির গুরুত্ব অপরিসীম। ব্যবসায়িক অঙ্গনে পুরোনো হিসাব চুকিয়ে ‘হালখাতা’ খোলার প্রস্তুতি থেকে শুরু করে গ্রামবাংলার লোকজ খাদ্য সংস্কৃতি,সবখানেই মিশে আছে এই দিনের স্বাতন্ত্র্য। প্রথা অনুযায়ী এদিন আমিষ বর্জন করে ‘শাকান্ন’ ও নিরামিষ ভোজনের রীতি আজও বহমান। কোনো কোনো অঞ্চলে ১৪ পদের শাক বা ছাতু খাওয়ার মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়। সনাতন ধর্মাবলম্বীরা ব্রত পালন, শিবপূজা ও ধর্মীয় বিধানের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করলেও পাহাড়ি জনগোষ্ঠী ও সমতলের সাধারণ মানুষের কাছে এটি এখন উৎসবে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজ দেশব্যাপী সরকারি ও বেসরকারি পর্যায়ে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিকেল ৩টা থেকে শুরু হবে বিশেষ লোকশিল্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় ৫০ জন যন্ত্রশিল্পীর সম্মিলিত অর্কেস্ট্রা ‘তোরা সব জয়ধ্বনি কর’ দিয়ে শুরু হবে উৎসবের মূল আয়োজন। এরপর উন্মুক্ত প্রাঙ্গণে ধামাইল নৃত্য, জারিগান, পটগান ও পুঁথিপাঠের আসর বসবে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী পরিবেশনা এবং লোকসাহিত্যের অমর সৃষ্টি যাত্রাপালা ‘রহিম বাদশা রূপবান কন্যা’ মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে। শহরের যান্ত্রিকতা আর গ্রামীণ মেলা, পুতুলনাচ ও লোকসংগীতের সুর মিলেমিশে একাকার হয়ে আজ বিদায় জানাবে ১৪৩২ বঙ্গাব্দকে।

বিজ্ঞাপন

৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
১৩ এপ্রিল ২০২৬ ১১:১৮

আরো

সম্পর্কিত খবর