ঢাকা: ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদির হত্যার বিচার আগামী ২৪ দিনে সম্পন্ন করাসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় এই চিত্র দেখা যায়। দুপুর দুইটা থেকে তারা শাহবাগ অবরোধ করে অবস্থান করছেন।
সরেজমিনে দেখা যায়, ইনকিলাব মঞ্চের আহবানে এই কর্মসূচিতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এসেছেন।
এর আগে রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২ টা থেকে তারা শাহবাগ অবরোধ করেন। পরে রাত ১০টায় পরবর্তী দিনের কর্মসূচি ঘোষণা করেন আব্দুল্লাহ আল জাবের। তিনি সোমবার ২টায় ফের দেশের সকল বিশ্ববিদ্যালয়, কওসি ও আলিয়া মাদরাসা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং ‘স্বাধীনতাকামী জনগণ’কে শাহবাগে আসার আহবান জানান।
এ সময় তিনি নতুন করে ৪ দফা ঘোষণা দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে-
১. যে বা যারা ওসমান হাদিকে খুন করেছে, যারা খুনের পরিকল্পনা করেছে এবং যারা খুনের সহায়তা করেছে, তাদেরকে আগামী ২৪ দিনের মধ্যে তাদের বিচার করতে হবে।
২. বাংলাদেশে যে সকল ভারতীয়রা কাজ করে, বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য তাদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩. খুনি হাসিনাসহ যারা বাংলাদেশে ১৭ বছর ঘুম ও খুন করে মানুষের জীবনকে জাহান্নাম বানিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরকে যদি ফেরত দেয়া না হয়, তাহলে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে।
৪. সিভিল-মিলিটারি-ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।