Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন: ডা. জাহিদ

সারাবাংলা ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫ ০৪:০৪ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১০:৩৭

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ জানিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সকালবেলা মেডিকেল বোর্ড হয়েছিল। কাজেই এই অবস্থায় (খালেদা জিয়া) অত্যন্ত সংকটময় একটি সময় অতিক্রম করছেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি গত পরশু আপনাদের বলেছিলাম উনি (খালেদা জিয়া) উনার সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন এবং সময় বলে দেবে উনি (খালেদা জিয়া) সেই সময় বা সংকট কতটুকু কাটিয়ে উঠতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘দেশি-বিদেশি চিকিৎসকরা বিএনপির চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন। তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান তাতে যুক্ত রয়েছেন।’

এর আগে রাতে মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া, খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান আসেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দলীয় প্রধানকে দেখতে হাসপাতালে যান।

এদিকে মাকে দেখে ও তার চিকিৎসার খোঁজ–খবর নিয়ে রাত ২টার দিকে পরিবারের সদস্যসহ হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান।

উল্লেখ্য, নানান জটিল রোগে আক্রান্ত হয়ে গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮০ বছর বয়সী খালেদা জিয়া। সেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর