Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত ক্ষমতায় আসলে নারীদের জন্য ঘোর দুর্দিন নেমে আসবে: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত নেতাদের কথা শুনলে এটিই স্পষ্ট হয়, তারা যদি ভবিষ্যতে কখনো ক্ষমতায় আসে তবে এই দেশের নারী সমাজের জন্য ঘোর দুর্দিন নেমে আসবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জাতীয়তাবাদী মহিলা দলের এক বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

সমাবেশে জামায়াতের আমিরের সাম্প্রতিক একটি বিতর্কিত বক্তব্যের প্রেক্ষিতে রুহুল কবির রিজভী পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেন, আপনাদের জান্নাতের কার্ড কি শেষ হয়ে গেছে যে কারণে এখন নারীদের নিয়ে মন্তব্য করছেন?

তিনি জামায়াত আমিরের ফেসবুক আইডি হ্যাক হওয়ার দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, হঠাৎ করে কেন শফিক সাহেবের আইডি হ্যাক হয়ে গেল?

বিজ্ঞাপন

রিজভী বলেন, অতীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই জামায়াত নেতারা মন্ত্রী হয়েছিলেন। বেগম জিয়ার নেতৃত্বে আপনারা মন্ত্রীত্ব উপভোগ করলেন আর এখন বলছেন দলের প্রধান কোনো নারী হতে পারবে না। এই মানসিকতা থেকেই আপনারা আসন্ন নির্বাচনে একজন নারীকেও মনোনয়ন দেননি।

বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস জামায়াত আমিরের বক্তব্যের কড়া প্রতিবাদ জানান। তিনি বলেন, জামায়াতের আমির পুরো নারী সমাজকে চরমভাবে অপমান করেছেন। তার ফেসবুক আইডি সত্যিই হ্যাক হয়েছিল কি না, তা যদি প্রমাণ করতে না পারেন তবে তাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।

জামায়াতের অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে আফরোজা আব্বাস বলেন, একাত্তরে এই দলটি স্বাধীনতাবিরোধী ভূমিকা পালন করেছিল এবং মা-বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। নারী সমাজকে আজ পুনরায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

একই কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ডা. শফিকুর রহমানকে অবিলম্বে নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় নারী সমাজের মধ্যে যে ক্ষোভের আগুন জ্বলছে, সেই আগুনে জামায়াত পুড়ে ছারখার হয়ে যাবে।

তিনি আক্ষেপ করে বলেন, যেই মায়ের গর্ভ থেকে সবার জন্ম, আজ সেই মা জাতিকে পায়ের নিচে রাখতে চায় জামায়াত। আগামী ১২ তারিখের নির্বাচনে দেশের নারীরা ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে যে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে কোনো দল রাজনৈতিকভাবে সফল হতে পারে না।
মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর