ঢাকা: বনানী ডিওএইচএস খেলার মাঠে বিকেলে তরুণ প্রজন্মের মুখোমুখি হয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিমের উদ্যোগে আয়োজিত ‘চায়ের আড্ডা’ শীর্ষক এই ইন্টারেক্টিভ অনুষ্ঠানে তরুণ ভোটারদের সঙ্গে সরাসরি সংলাপে অংশ নেন তিনি। প্রথাগত রাজনৈতিক বক্তৃতার বাইরে গিয়ে এই আয়োজনে প্রাধান্য পেয়েছে তরুণদের দৈনন্দিন সংকট, ভবিষ্যৎ ভাবনা এবং রাষ্ট্র সংস্কারের নানা প্রস্তাবনা।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে আয়োজিত এই সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জাইমা রহমান তরুণদের কথা মন দিয়ে শোনেন। সংলাপে অংশ নেওয়া তরুণরা বর্তমান সময়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা অত্যন্ত সাহসিকতার সাথে তুলে ধরেন। বিশেষ করে ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠের অভাব এবং এর ফলে শারীরিক ও মানসিক বিকাশে যে বাধা সৃষ্টি হচ্ছে, তা নিয়ে মত প্রকাশ করেন অনেকে।
তরুণীদের পক্ষ থেকে সাইবার বুলিংয়ের ক্রমবর্ধমান ঝুঁকি এবং অনলাইনে নিরাপত্তার অভাবের বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করা হয়। পাশাপাশি ফ্রিল্যান্সিং সেক্টরে নারীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের অভাবের কথা উঠে আসে আলোচনায়।
শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে এক তরুণ আক্ষেপ করে বলেন, উন্নত দেশগুলোতে পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম চাকরির যে নমনীয় ব্যবস্থা থাকে, বাংলাদেশে তার কোনো কার্যকর কাঠামো নেই। ফলে স্নাতক শেষ হওয়ার আগেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া তরুণদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর ওপর সামাজিক ও পারিবারিক চাপে মাঝপথে অনেক নারীদের বিয়ে করতে হয়। এর ফলে অনেক মেধাবী নারী তাদের কাঙ্ক্ষিত ক্যারিয়ার গড়তে পারছেন না।
রাজনীতি এবং নির্বাচন নিয়ে তরুণদের দৃষ্টিভঙ্গি ছিল এই আড্ডার অন্যতম মূল আকর্ষণ। উপস্থিত তরুণরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। জাইমা রহমান তরুণদের এই প্রতিটি সমস্যা ও ভাবনার কথা শোনেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় রাজনীতির মূল ধারার সঙ্গে তরুণদের একটি অর্থপূর্ণ সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন। এই সংলাপের মাধ্যমে উঠে আসা সমস্যাগুলো আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনায় গুরুত্ব পাবে বলে জানান আয়োজকরা।