ঢাকা: ঢাকা-৬ আসনে দাঁড়িপাল্লার প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন এ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি এজেন্ট মো. মাহবুবুর রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কাছে লিখিত অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-৬ সংসদীয় এলাকার গেন্ডারিয়া থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের হলুদ মসজিদের পশ্চিম পাশে অজ্ঞাতনামা কয়েকজন হুমকি-ধামকি দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার বন্ধ করে দেয়। এ সময় তারা প্রচারে ব্যবহৃত রিকশাচালককে আটক করে রাখে। পরবর্তীতে প্রচার না করার শর্তে তারা রিকশাচালককে ছেড়ে দেয়।
‘একইস্থানে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচার করতে গিয়ে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা হেনস্থার শিকার হয়। এ সময় প্রতিপক্ষের কর্মী-সমর্থকেরা জামায়াতের নারী কর্মীদের চোর সম্বোধন করে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং প্রচারে না আসতে হুমধি-ধামকি দেন।’
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোটের সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. আব্দুল মান্নান বলেন, এই ঘটনা নির্বাচনি আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি প্রতিপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা না চালিয়ে কিংবা প্রচারে বাধা না দিয়ে আপনাদের নারী কর্মীদেরও প্রচারে আসতে বলেন। আমরা, আপনাদের নারী কর্মীদের প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করব না। বরং প্রয়োজনীয় সহযোগিতা করব। জামায়াতে ইসলামীর কর্মীরা মা-বোনদের শ্রদ্ধা করে এবং করতে জানে।
তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক নির্বাচনের জন্য সর্বপ্রথম সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হয়। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত সেটি নিশ্চিত করতে না পারায় তিনি ক্ষোভ প্রকাশ করে সকল প্রার্থীর জন্য সমান সুমযোগ-সুবিধা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।