Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেজাউল হত্যাকারীদের জামিন ঠেকাতে উচ্চ আদালতে যাবে জামায়াত

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩১ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৩

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুরের শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে জামায়াত।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আজকে আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম চিহ্নিত সন্ত্রাসীরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সেই মামলার শুনানী হয়েছে, আজকে সোমবার (২ ফেব্রুয়ারি) আদালত তাদের জামিন দিয়েছেন। আমরা খুব আশ্চর্য হয়েছি এত বড় একটি নিশংস হত্যাকাণ্ড যেটি প্রকাশ্য দিবালোকে ঘটেছে। সেই হত্যাকাণ্ডের এক সপ্তাহ যেতে না যেতেই চিহ্নিত সন্ত্রাসী এবং অপরাধীদেরকে গ্রেফতারতো দূরের কথা বরং তাদের জামিন দিয়ে জনমনে স্বাভাবিকভাবে এই আতঙ্ক তৈরী হচ্ছে যে খুনী এবং সন্ত্রাসীরা এইভাবে কি পার পেয়ে যাবে? যেখানে খুনের রক্তের দাগ এখনো শুকিয়ে যায়নি। আমরা সংক্ষুব্ধ। উচ্চ আদালতে আপিল করব। যাতে উচ্চ আদালত জামিন স্থগিত করেন।

বিজ্ঞাপন

এহসানুল মাহবুব বলেন, বিগত কয়েক দিনে ১৭টি জেলার ৩৩টি স্থানে সন্ত্রাসী এবং বড় একটি দলের নেতাকর্মীরা উসকানি দিয়েছেন। আমাদের নারী কর্মী যারা নির্বাচনি প্রচারে যাচ্ছেন তাদেরকে হুমকী দিয়েছেন অশালীন আচরণ করেছেন। এমন সব কটুক্তি করেছেন যা কোনো সুস্থ মানুষ কল্পনা করতে পারে না। কোনো কোনো জায়গায় তাদেরকে ফিজিকালি আঘাত করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) একজন শীর্ষ নেতা আমাদেরকে বলেছেন, লাখ লাখ হিজাব তৈরি করা হচ্ছে। নির্বাচনের দিন এসব হিজাব নাকি খুলে দেখতে হবে। এর মাধ্যমে নারীদের একটি ভীতিকর মেসেজ তারা দিচ্ছেন। জামায়াতে ইসলামীর প্রতি নারীদের যে বিপুল সমর্থন আমরা দেখতে পাচ্ছি। সেই সমর্থন দেখেই তাদের মাথায় হয়তো বড় ধরণের কোনো চাপ পড়েছে। সেজন্য নারীদের সঙ্গে এই ধরণের আচরণ করছেন। একটার পর একটা ঘটনা ঘটলেও তাদের কোনো বোধদয় হচ্ছে না। যেখানে আমাদের আমির বলেছেন নির্বাচিত হলে নারীদের জন্য কি করবো। সেখানে উলটো তার আইডি হ্যাক করা হয়েছে। সেখানে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে।

তিনি বলেন, বড় দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে এমন সব কথা বলা হচ্ছে যা দেশবাসী প্রত্যাশা করে না। আমরা আশা করব নারীদের বিষয়ে সম্মান এবং মর্যাদা রেখে আমরা চলব। আমাদের বিষয়ে এ ধরণের অন্যায়, অসত্য, মিথ্যা অভিযোগ যারা করছে দেশবাসীকে নিয়ে তাদেরকে মোকাবিলা করবো।

তিনি বলেন, পুরো জাতি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। আমরা সবাই শান্তিপূর্ণভাবে আচরণবিধি মেনেই নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করছি। আমরা আশা করবো সবাই স্ব স্ব অবস্থান থেকে সে দায়িত্ব পালন করবেন। কোনো উসকানি যাতে এই জাতিকে বিভ্রান্ত না করে। সবাই দায়িত্বশীল বক্তব্য দেবেন। এমন কোনো আচরণ করা ঠিক না যাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে।

আমিরের টুইটার আইডি হ্যাকের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে এহসানুল মাহবুব বলেন, পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে আমাদের আমিরের আইডি হ্যাক করা হয়েছে এবং সেখানে যে পোস্ট দেওয়া হয়েছে সেটা বোঝাই যাচ্ছে যে এই সময়ে নির্বাচনকে সামনে রেখে আমাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার একটা অপপ্রয়াস। যেটা তারা করেছে সেটা বঙ্গবভনের একটা অ্যাকাউন্ট, গতকাল রোববার আমরা দেখিয়েছি সেখান থেকেই কাজটা করেছে। বাংলাদেশের এই সাইবার সুরক্ষা, কে বা কারা এসব করছে তদন্ত করে দেখা উচিত। আমরা জিডি করেছি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলাবাহিনীর কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছি। তারা তদন্ত করছেন।

আমরা মনে করি বড় একটি দল নারীদের ওপর একের পর এক হামলার যে ঘটনা ঘটাচ্ছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই এ ধরণের একটি ঘটনা তারা ঘটিয়েছেন। তাদের নেতাদের কথা থেকেই মনে হচ্ছে ঠাকুরঘরে কে রে আমি কলা খাই না। সেই প্রবাদের মতো তাদের আচরণ।

ব্রিফিংয়ের সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারি প্রচার সেক্রেটারি আব্দুস সাত্তার সুমন ও জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক ওলি উল্লাহ নোমান।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর