বরিশাল: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনারা চেনেন কারা গুপ্ত? প্রিয় ভাই বোনেরা, বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর বান্দ রোডের বেলস পার্কে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, যে দলটি সকাল-বিকেল জনগণের সামনে মিথ্যা কথা বলছে, নারীদের হেয় করছে, তারাই এখন নানাভাবে ষড়যন্ত্রে নেমেছে। কারণ মানুষ তাদের কথাবার্তা আর কাজকর্মের ফাঁকফোকর ধরে ফেলেছে। সে কারণেই দল-মত-ধর্ম নির্বিশেষে সবাইকে সতর্ক থাকতে হবে।
‘এই বাংলাদেশে নারী-পুরুষ সকলে মিলে মাঠে কাজ করেন। কৃষক ভাইয়েরা যেমন মাঠে কাজ করেন, আমরা জানি কৃষাণী বোনেরাও মাঠে কাজ করেন। শুধু মাঠেই নয়, কলকারখানায় আমাদের মেয়েরা, বোনেরা, নারীরা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন।’
তিনি বলেন, একটি রাজনৈতিক দল দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ নারীদের ঘরের ভেতর আটকে রাখতে চায়। সেই দলের এক নেতা প্রকাশ্যেই বলেছেন, তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করেন না।
ধর্মীয় উদাহরণ টেনে তারেক রহমান স্মরণ করিয়ে দেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী হজরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী। তিনি বলেন, ‘যে দলটি নির্বাচনের আগেই দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের ভেতর বন্দি রাখতে চায়, অসম্মানজনক ভাষা ব্যবহার করে, তারা ক্ষমতায় এলে নির্বাচন-পরবর্তী আচরণ কেমন হতে পারে।’
সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে তারেক রহমান বলেন, নারীদের মন্তব্য নিয়ে যখন সমাজজুড়ে তীব্র সমালোচনা শুরু হলো, তখন সংশ্লিষ্টরা দাবি করলেন, তাদের আইডি হ্যাক হয়েছিল। কিন্তু বিশেষজ্ঞরা স্পষ্ট বলেছেন, এভাবে আইডি হ্যাক হওয়ার কথা নয়। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। নিজেদের স্বার্থে মিথ্যা বলতে তারা দ্বিধা করে না, আর দেশদরদি হওয়ার প্রশ্নই ওঠে না।
তারেক রহমান অভিযোগ করে বলেন, দলটি ধর্মকে ব্যবহার করে কেবল নিজেদের স্বার্থ রক্ষার জন্য। যেখানে প্রয়োজন, সেখানে ধর্মের ব্যাখ্যাও নিজেদের মতো করে নেয় তারা।
এর আগে তারেক রহমান দুপুর ১২টায় হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামে পৌঁছান। সেখান থেকে গাড়িতে করে তিনি নগরের বান্দ রোডের বেলস পার্কের জনসভাস্থলে আসেন। এ সময় সড়কের দুই পাশে বিএনপির নেতা–কর্মীরা তাকে স্বাগত জানান। দুপুর ১২টা ২৭ মিনিটে তারেক রহমান জনসভার মঞ্চে পৌঁছান। দুপুর ঠিক সাড়ে ১২টার কিছু পরে মঞ্চে উঠতেই করতালি আর স্লোগানে মুখর হয়ে ওঠে জনসভা।
বরিশালে জনসভা শেষে তারেক রহমান ফরিদপুরের উদ্দেশে রওনা হন।