Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ববি হাজ্জাজের

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৪

বিএনপিতে যোগ দেওয়া জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সাবেক চেয়ারম্যান ববি হাজ্জাজ।

ঢাকা: মোহাম্মদপুর, আদাবর ও শেরে-বাংলা-নগর নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ ৯ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে তিনি ইশতেহার ঘোষণা করেন।

৯ দফার এই ইশতেহারে তিনি কেবল উন্নয়নের প্রতিশ্রুতিই দেননি, বরং একে জনগণের সঙ্গে একটি ‘দায়িত্বের চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। তার এই কর্মপরিকল্পনার মূল ভিত্তি হলো এলাকার দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে একটি নিরাপদ, মানবিক ও জবাবদিহিমূলক নির্বাচনী এলাকা গড়ে তোলা।

ববি হাজ্জাজের ইশতেহারের সবচেয়ে আলোচিত দিক হলো জননিরাপত্তা। তিনি কিশোর গ্যাং, মাদক এবং চাঁদাবাজির মতো সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বয়ে নিয়মিত নজরদারি ও অভিযানের মাধ্যমে মোহাম্মদপুর-আদাবর অঞ্চলকে সন্ত্রাসমুক্ত করার সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এ ছাড়া নারীদের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে তার পরিকল্পনায়। প্রতিটি রাস্তায় পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি স্থাপন এবং কর্মজীবী ও শিক্ষার্থী নারীদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।

তিনি জানান, তিতাস ও ওয়াসার মতো সেবামূলক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি সমন্বয় করার পাশাপাশি একটি জরুরি হটলাইন চালু করা হবে। এমনকি স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে প্রতি মাসে ‘ওপেন টাউনহল’ মিটিং করা হবে, যেখানে নাগরিকরা সরাসরি তাদের অভিযোগ ও সমস্যার কথা বলতে পারবেন।

অবকাঠামোগত উন্নয়নে তিনি জলাবদ্ধতা নিরসন এবং ওয়ার্ডভিত্তিক ড্রেনেজ ও রাস্তা সংস্কারের ওপর জোর দিয়েছেন। পাশাপাশি মোহাম্মদপুরের খাল ও লেকগুলোকে দখলমুক্ত করে একটি পরিবেশবান্ধব এলাকা গড়ার অঙ্গীকার করেছেন তিনি।

ইশতেহারে অবহেলিত বিহারি ক্যাম্পের বাসিন্দাদের জীবনমান উন্নয়নের বিষয়টিও জোরালোভাবে উঠে এসেছে। তাদের আবাসন, উন্নত স্যানিটেশন ও শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তরুণদের কর্মসংমুখী প্রশিক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন ববি হাজ্জাজ।

এ ছাড়া মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা ভাতা চালু এবং ব্যবসায়ীদের জন্য চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে একটি বিশেষ সহায়তা ডেস্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে তার। সব মিলিয়ে, ২৪ ঘণ্টা অভিযোগ গ্রহণ ও তার দৃশ্যমান সমাধানের মাধ্যমে জনগণের সঙ্গে একটি নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন এই প্রার্থী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর