Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: শফিকুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৮ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫০

নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নীলফামারী: যে কোনো মূল্যের বিনিময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কারও লাল চোখের পরোয়া করব না। আমার দেশের স্বার্থ সবার আগে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার হেলিপ্যাডে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটির আয়োজন করে জামায়াতে ইসলামী নীলফামারী ও লালমনিরহাট জেলা শাখা।

ডা. শফিকুর রহমান বলেন, ‘তিস্তা এ অঞ্চলের মানুষের জন্য নেয়ামত ও অহংকার হওয়ার কথা ছিল। কিন্তু আজ তিস্তা এক সাগর দুঃখে পরিণত হয়েছে। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ এই তিস্তাকে আবার জীবন দেব। আর তিস্তার বুকে কঙ্কাল পড়ে থাকবে না, মরুভূমিও থাকবে না ‘

বিজ্ঞাপন

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা তুলে ধরে তিনি বলেন, তিস্তাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের অর্থনীতি গড়ে তোলা হবে। এখান থেকে হাইড্রোপাওয়ার উৎপাদন করা হবে, তিস্তার পানি সারা উত্তরবঙ্গকে উর্বর করবে এবং নদীভাঙনের কবলে পড়ে হাজার হাজার পরিবার আর নিঃস্ব হবে না।

জামায়াত আমির বলেন, নিজেদের তৈরি ফ্যাসিবাদের যন্ত্রণা এড়াতে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা বিপদের সময় দেশ ছেড়ে পালাই না।

বিগত সরকারের সমালোচনা করে বলেন, তারা দেশ ও মানুষের সম্পদ লুট করে ফ্যাসিবাদ কায়েম করেছে এবং দেশকে বিভক্ত করেছে। এনাফ ইজ এনাফ। অনেক হয়েছে, এবার রাজনীতি থেকে সরে যাও।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সঙ্গে সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে।

ভোটের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘হ্যাঁ ভোটের শক্তি বস্তাপচা রাজনীতি ও চাঁদাবাজদের সঙ্গে নেই। এরা জুলাইয়ের শক্তি। হ্যাঁ ভোটের বিজয় মানে জনতার বিজয়, আর হ্যাঁ ভোটের পরাজয় মানে জনতার পরাজয়।’

বর্তমান রাজনীতির অবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘রাজনীতি ও দুর্নীতি একসঙ্গে চলতে পারে না। যারা দুর্নীতি করে, তারা ডাকাত।’

বিচার বিভাগ সম্পর্কে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে স্বাধীন বিচারব্যবস্থা কায়েম করা হবে। একই অপরাধে রাষ্ট্রপতি ও সাধারণ মানুষের জন্য একই শাস্তি নিশ্চিত করা হবে। তরুণদের নিয়েই আমরা একটি যৌবনদীপ্ত ও তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে চাই।

সমাবেশে লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ১১ দলীয় জোটের নেতাকর্মীসহ নীলফামারী ও লালমনিরহাট জেলার সাতজন সংসদ সদস্য পদপ্রার্থী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর