নাটোর: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, গত ১৭ বছর ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা সেই সুযোগ পেতে যাচ্ছি আগামী ১২ তারিখ। সম্মিলিতভাবে কাজ করে আমরা একটি ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে চাই। নতুন বাংলাদেশ হবে নারীদের জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতার বাংলাদেশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নাটোরের লালপুর উপজেলার সালামপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, ‘ধানের শীষ ছাড়া বাংলাদেশে এমন কোনো প্রতীক নেই যাকে ভোট দিলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়া যায়। বাকি যারা আছেন তারা বাংলাদেশকে ভাগ করার কাজে নিয়োজিত ছিলেন। তারা কখনো বলছেন, নারীদের কর্মঘণ্টা কমিয়ে ৮ ঘণ্টা থেকে নিতে হবে ৫ ঘণ্টায়। কখনো বলছেন, কর্মজীবী মহিলাদের ঘরে আটকে রাখতে হবে। কারণ, হিসেবে তারা বলছে, কর্মজীবী মহিলারা নাকি ভালো না।’
তিনি বলেন, ‘দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী এবং বাকি অর্ধেক পুরুষ। কেবল পুরুষ এগিয়ে গেলে আর নারীরা পিছিয়ে থাকলে কোনো দেশই কখনো এগোতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে নারী-পুরুষ সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে।’
দলের অভ্যন্তরীণ ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘লালপুর-বাগাতিপাড়ার ধানের শীষের ঐক্য ভাঙার মত কোনো শক্তি তৈরি হয় নাই। ধানের শীষ ভাঙা যায় না, বিএনপি ভাঙা যায় না। গত ১৭ বছর চেষ্টা করেও মাফিয়াতন্ত্র একটা বিএনপির কর্মীকে সরাতে পারেনি।’
নির্বাচনি এলাকায় দুটি পৃথক শিল্প-কারখানা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘লালপুর-বাগাতিপাড়ায় দু’টি বিশেষ শিল্প-প্রতিষ্ঠান হবে। যার একটি শিল্প প্রতিষ্ঠান হবে নারীদের জন্য এবং আরেকটি হবে যুবক ও জেন-জি’দের জন্য। লালপুর-বাগাতিপাড়ার ভবিষ্যৎ উন্নয়ন নারীদের হাত ধরেই ঘটবে।’
এ সময় লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশীদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টুসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।