ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে গণমাধ্যম যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে, তবে জনগণ এবার মিডিয়ার বিরুদ্ধেও দাঁড়াবে।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মিডিয়ার ভাইয়েরা, আমরা জানি আপনারা নিরুপায়। তৃণমূলের সাংবাদিকেরা এসে আমাদের জানায় যে তারা খবর পাঠায়, কিন্তু সেই খবর কেটে দেওয়া হয়; অন্যদিকে দেখা যায়, সারা মিডিয়াজুড়ে একটি দলের, বিশেষ করে বিএনপির, একতরফা বন্দনা-প্রশংসা চলছে। অনেক সময় সংবাদ পরিবেশনের মধ্যে বিএনপির পক্ষে প্রচার চালানো হয়।’
প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কতিপয় লোভী বেনজীর-হারুন আবার উদয় হয়েছে, বিপ্লবেরা আবার মাথাচাড়া দিচ্ছে। পুলিশ ভাইদের বলব—বেনজীর থেকে শিক্ষা নিন, বিপ্লব থেকে শিক্ষা নিন। আমরা বিশ্বাস করতে চাই, আসন্ন নির্বাচনে কোনো এসপি, ওসি কিংবা এসআইয়ের জন্য টাকা রাখতে হবে না।’
তিনি আরও বলেন, ‘এই নির্বাচন ১৪০০ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নির্বাচন। ভোটের অধিকার আদায়ে আমাদের রক্ত দিতে হয়েছে। প্রশাসনের ভাইয়েরা যদি আবার জনগণের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে আবারও ৫ আগস্ট নেমে আসবে। দেশ ঠিক করতে হলে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
‘ভোট চোর’-দের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘আপনারা যদি ভোট চোরদের হাতে দেশ তুলে দেন, তাহলে এই ভোট চোররাই একদিন আপনাদের সন্তানদের রাস্তায় গুলি করার নির্দেশ দেবে। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি ক্ষমতা ভোটচোরদের হাতে তুলে দেবেন, নাকি জনগণের হাতে তুলে দেবেন?’
এ ছাড়াও নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরে হাসনাত বলেন, ‘আমরা যে বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত। আমরা রাজনীতি শুরু করেই বলেছি—আমরা শুধু খেলা পরিবর্তন করতে আসিনি, আমরা খেলার নিয়মটাই পাল্টে দেব।’