Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২

ঢাকা: ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়া এবং শতাধিক আন্দোলনকারীর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রারত নেতাকর্মীদের ওপর পুলিশি দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায়বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। সেই অধিকারকে সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল, বুট ও গুলির মাধ্যমে দমন করার ঘটনা নিন্দনীয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ এবং গুলিবর্ষণের ফলে যেভাবে সাধারণ আন্দোলনকারীরা আহত হয়েছেন, তা ন্যক্কারজনক। বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়া এবং অন্যান্য নেতাকর্মীদের মারাত্মকভাবে আহত হওয়ার বিষয়টি গভীরভাবে উদ্বেগজনক।

তিনি বলেন, অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, সব সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান অন্যায়, জুলুম ও দমন-পীড়নের বিরুদ্ধে এবং ভবিষ্যতেও ন্যায়বিচার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনের পাশে থাকবে। রাষ্ট্রকে অবশ্যই দমননীতি পরিহার করে জনগণের ন্যায্য দাবি শোনার পথ বেছে নিতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর