ঢাকা: চাঁদাবাজি, মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও অবৈধ দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, ঢাকা-৮ কে নিরাপদ, মানবিক ও নাগরিকবান্ধব এলাকায় রূপান্তর করাই তার মূল লক্ষ্য।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি ঢাকা-৮ আসনের জন্য তার ঘোষিত ৮ দফা কর্মসূচি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার, চাঁদাবাজি ও মাদকমুক্ত নিরাপদ ঢাকা-৮, সর্বজনীন স্বাস্থ্যসেবা, বৈষম্যহীন ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি বৃদ্ধি, নাগরিক দুর্ভোগমুক্ত এলাকা গঠন এবং জনতার এমপি হিসেবে জনতার সেবক হওয়ার অঙ্গীকার।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ এর সাবেক সংসদ সদস্য প্রার্থী শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সংসদে জোরালো দাবি উত্থাপন করা হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টি অব্যাহত রাখা হবে। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত এটি প্রধান অগ্রাধিকার থাকবে।
চাঁদাবাজি ও অপরাধ দমনের বিষয়ে তিনি বলেন, নাগরিকরা chandabaaj.com-এর মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে অভিযোগ জানাতে পারবেন। প্রতিটি অভিযোগ দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে এবং যুবসমাজকে সচেতন করতে মাদকবিরোধী ক্যাম্পেইন ও মাদকাসক্তদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। অপরাধপ্রবণ এলাকায় সিসিটিভি নজরদারি জোরদার এবং অন্ধকার রাস্তায় পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, গণপরিবহন ও পাবলিক স্পেসে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের মাধ্যমে যৌন হয়রানি, ইভটিজিং ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করা হবে। পাশাপাশি ঢাকা-৮ এলাকায় অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করে দখলকৃত সম্পত্তি উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।
স্বাস্থ্য খাত নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ এর সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র দালাল ও সিন্ডিকেটমুক্ত করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবাকে ব্যবসা নয়, নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর ওপর কার্যকর নজরদারি চালানো হবে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, দক্ষ জনবল নিয়োগ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় টিকাদান ও মশাবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচি জোরদার করার কথাও তিনি জানান। পাশাপাশি মানসিক স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা চালুর অঙ্গীকার করেন তিনি।
শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-৮ এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যহীন, নিরাপদ ও মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভর্তি বাণিজ্য ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে এবং র্যাগিং ও সহিংসতা নির্মূল করা হবে। আধুনিক শিক্ষার জন্য কম্পিউটার ল্যাব, এআই ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ চালুর পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে স্টার্টআপ ফান্ড ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, স্টার্টআপ ফান্ড গঠন এবং ফ্রিল্যান্সিং ও ডিজিটাল স্কিল প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পল্টনে একটি আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানান তিনি।
নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস ও পানির সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। যানজট কমাতে স্কুল ও অফিসের আলাদা সময়সূচি এবং স্বেচ্ছাসেবী ট্রাফিক ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভিআইপি প্রটোকলের কারণে সৃষ্ট অপ্রয়োজনীয় যানজট বন্ধের অঙ্গীকার করেন তিনি।
পরিবেশ রক্ষা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকা-৮ কে দূষণমুক্ত ও বসবাসযোগ্য করে তোলা হবে। বর্জ্য ব্যবস্থাপনায় সিন্ডিকেট ভেঙে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। বিল্ডিং কোড ও অগ্নি নিরাপত্তা আইন কঠোরভাবে বাস্তবায়নের কথাও তিনি জানান।
শেষে তিনি জানান, জনতার এমপি হিসেবে তিনি সব সময় জনগণের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন। ওয়ার্ডভিত্তিক ওয়ান-স্টপ সেবা কেন্দ্র ও হটলাইন চালুর মাধ্যমে নাগরিকদের সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি ঢাকা-৮ কে একটি নিরাপদ, মানবিক ও আধুনিক এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।