Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচন ভদ্র প্রক্রিয়া, রায় জোর করে আদায় করা যায় না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩১ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি গণসংযোগ। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা গোলাগুলি করেছে তাদের সংযত হওয়া উচিত। নির্বাচন একটি ভদ্র প্রক্রিয়া—এটা জনগণের রায়ের বিষয়। রায় জোর করে আদায় করা যায় না।

‎ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত নির্বাচনি গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা নির্বাচনকে ঘিরে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে, জনগণ তাদের ক্ষমা করবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ নির্বাচন চাই। এটার জন্যই জাতি মুখিয়ে আছে।’

বিজ্ঞাপন

‎সাংবাদিকদের ওপর পুলিশের হামলার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান।’ ‎তিনি জানান, তারা যমুনায় একটি দাবি নিয়ে গিয়েছিল এবং তিনি যতটুকু জানেন, তাদের আশ্বাসও দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘আমি ঢাকার বাইরে ছিলাম। তারা হয়তো আশ্বাসটার ডেলিভারিটা আরও তাড়াতাড়ি চেয়েছিল।’

‎এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি অতি উৎসাহী ব্যক্তি পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। এটাকে আমরা ভালোভাবে দেখছি না।’ ‎তিনি আরও বলেন, ‘সরকারের আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল নাগরিকেরই সংযত থাকা প্রয়োজন। আমরা যারা নাগরিক আছি, আমাদেরও দায়িত্ব রয়েছে। সবাইকে দায়িত্বটুকু যথাযথভাবে পালন করা উচিত।’

‎গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদ সদস্য ডা. মোবারক হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান।

‎অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও কাফরুল অঞ্চলের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ্, এনসিপির যুবশক্তির মিরপুর থানার আহ্বায়ক মাহবুবুর রহমানসহ ১১ দলের স্থানীয় নেতারা।

‎গণসংযোগ কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে বসুন্ধরা মোড়, খেজুরতলা মোড়, মাইকওয়ালা মসজিদ হয়ে ৬০ ফিট বারেক মোল্লার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর