ঢাকা: রাজধানীর বাড্ডায় ঢাকা-১১ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১দলের সিনিয়র নেতারা।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে সকাল ৯টায় ১১ দলীয় ঐক্যের এই নির্বাচনি জনসভা শুরু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই মাঠ ভরে ওঠে নেতাকর্মীদের ভিড়ে।
সকাল ১০টার কিছু পরে জামায়াত আমির এবং সাড়ে ১০টায় খেলাফত মজলিসের আমির মামুনুল হক জনসভায় যোগ দেন।
নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ানোর পাশাপাশি, জামায়াত আমির নির্বাচনি জনসভা করেন ঢাকার বিভিন্ন আসনেও।
এসব সভা থেকে পরিচয় করিয়ে দেন ১১ দলীয় ঐক্যের প্রার্থিদের। সেইসঙ্গে সরকার গঠন করতে পারলে তাদের কার্যক্রম কি হবে, সেসব প্রতিশ্রুতিও দেন ডা. শফিকুর রহমান।
সভায় ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া, শহিদ ওসমান হাদির বোন মাসুমা হাদি, ঢাকা-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন যিনি নাহিদের পক্ষে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন আতিকুর রহমানসহ ১১দলের নেতারা।