Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: জসীম উদ্দীন

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৭

নির্বাচনি মিছিলে ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার।

ঢাকা: ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লার এক অভাবনীয় বিপ্লব অর্জিত হবে। সারাদেশে জামায়াতে ইসলামীর প্রতি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার হচ্ছে বিগত ৫৪ বছরের অন্যায়-অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে নির্বাচনি মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জসীম উদ্দীন বলেন, ‘নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজের কোনো ঠাঁই হবে না। জনগণ বিশ্বাস করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। এ জন্য দেশের নারী-পুরুষ, কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।‘

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জনগণের বিজয় নিশ্চিত করতে ১২ ফেব্রুয়ারি কেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে। কোনো অবস্থাতেই কেন্দ্র দখল হতে দেওয়া যাবে না। ব্যালট কারচুপি করে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করতে দেওয়া যাবে না। প্রশাসনের কিছু লোক একটি দলের সঙ্গে আতাঁত করে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করার চেষ্টার ছক আঁকছে।’

ঢাকা-১০ আসন কমিটির পরিচালক অধ্যাপক নূর নবী মানিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসন কমিটির পরিচালক আব্দুর রহমান, সহকারী জোন পরিচালক শেখ শরীফ উদ্দীন আহমেদ, ঢাকা-১০ আসন কমিটির নারী সমন্বয়ক ড. ফেরদৌস আরা খানম বকুল, মহানগরীর কর্মপরিষদ সদস্য সেলিনা পারভীন ও কামরুন্নাহার তুরানী।

দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনি মিছিলে কয়েক হাজার মহিলা কর্মী অংশ নেন। মিছিলটি জিগাতলা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ইবনে সিনা, সিটি কলেজ, মিরপুর রোড, কলাবাগান, সোবহান বাগ মসজিদ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ মাধ্যমে শেষ হয়।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর