Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩ ফেব্রুয়ারি থেকে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে বিএনপি: তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৫ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৮

মিরপুর ১০ নম্বর গোলচত্বর সংলগ্ন আদর্শ স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি পথসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: ১৩ ফেব্রুয়ারি থেকে বিএনপি পর্যায়ক্রমে দেশের মানুষের জন্য নেওয়া সব পরিকল্পনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে হাত দেবে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের মিরপুর ১০ নম্বর গোলচত্বর সংলগ্ন আদর্শ স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ১২ ফেব্রুয়ারি শুধু প্রতিনিধি নির্বাচনের দিন নয়, এই দিনটি হতে হবে দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য বদলের নির্বাচন।

তারেক রহমান বলেন, ‘১২ তারিখে ভোট হবে। কিন্তু শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এই নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।’

বিজ্ঞাপন

বিএনপির নির্বাচনি পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘দলের ঘোষিত ম্যানিফেস্টোতে নারীদের ক্ষমতায়ন, কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড আরও শক্তিশালী করা, দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং তরুণ সমাজের কর্মসংস্থানের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আইসিটি ও ভোকেশনাল টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠনের মাধ্যমে ছেলে-মেয়ে নির্বিশেষে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলেও জানান তিনি।

তারেক রহমান বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জনগণের সমর্থন ও সহযোগিতা অপরিহার্য।

তিনি ঢাকা-১৫ আসনের ভোটারদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, বিএনপি তাদের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছে, এখন জনগণের পরিকল্পনা কী—১২ তারিখে তারা কী সিদ্ধান্ত নেবেন? এ সময় পথসভায় উপস্থিত হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক একযোগে ‘ধানের শীষ, ধানের শীষ’ বলে স্লোগান দেন। তাদের সাড়া পেয়ে তারেক রহমান বলেন, ‘ইনশাল্লাহ ১২ তারিখে জনগণ তাদের পরিকল্পনায় সফল হলে, ১৩ তারিখ থেকে বিএনপি পর্যায়ক্রমে দেশের মানুষের জন্য নেওয়া সব পরিকল্পনা ও এলাকার জন্য দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে হাত দেবে।’

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণই দলের সকল ক্ষমতার উৎস। মানুষের সাধ্যের বাইরে বা বাস্তবায়ন অসম্ভব—এমন কোনো প্রতিশ্রুতি বিএনপি দেয় না। যে প্রতিশ্রুতি দেওয়া হয়, তা বাস্তবায়নের সক্ষমতা ও সদিচ্ছা দলের রয়েছে বলে দাবি করেন তিনি।

ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনকে ধানের শীষ প্রতীক হাতে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, শহিদদের যে প্রত্যাশিত বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার কাজ ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমেই শুরু হবে। এই আসনে শফিকুল ইসলাম মিল্টনের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের আমির শফিকুর রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন।

এর আগে বিকেল সাড়ে তিনটায় ঢাকা-১০ আসনের ইসিবি চত্বরে পথসভায় বক্তব্যের মধ্য দিয়ে রাজধানীতে নির্বাচনি প্রচার শুরু করেন তারেক রহমান। পরে তিনি ঢাকা-১৬ আসনের পল্লবী দুই নম্বর ওয়ার্ডের লালমাঠে পথসভায় বক্তব্য দেন এবং দলের প্রার্থী আমিনুল হকের পক্ষে ভোট চান।

সেখানে তিনি বলেন, এলাকাটিতে জলাবদ্ধতা ও হাসপাতালসংক্রান্ত সমস্যা রয়েছে। ইনশাল্লাহ এসব সমস্যার সমাধান করা হবে।

নিজেকে এলাকাবাসীর প্রতিবেশী ও সন্তান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পরেও তিনি এলাকার উন্নয়ন কার্যক্রম তদারকি করবেন এবং আমিনুল হক জয়ী হলে তিনি দায়িত্ব ঠিকভাবে পালন করছেন কি না, সেটিও তিনি দেখবেন।

পরবর্তীতে তারেক রহমান ঢাকা-১৪ আসনে সানজীদা ইসলাম তুলির পক্ষে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের পক্ষে শ্যামলী ক্লাব মাঠে এবং ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের পক্ষে বাড্ডার সাতারকুলে পথসভায় বক্তব্য দিবেন বলে কর্মসূচিতে জানানো হয়।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো