ঢাকা: রাজধানীতে নিজের বিরুদ্ধে ডাকা এক বিক্ষোভ কর্মসূচিতে সশরীরে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ দাবি করে এর প্রতিবাদে কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ শুরুর পরপরই সেখানে উপস্থিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি সমাবেশস্থলের সামনেই অবস্থান নেন এবং বক্তব্য দেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
এ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, ‘আমার কথায় বা আচরণে যারা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।’