ঢাকা: ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে হঠকারী ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে ভোট চুরি ও অনিয়মের সুযোগ সুস্পষ্টভাবে তৈরি করা হচ্ছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লিখেন।
হাসনাত আব্দুল্লাহ লিখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো ভোটারদের নিজ নিজ মোবাইল ঘরে রেখে কেন্দ্রে যেতে বাধ্য করা। এর ফলে মোবাইল জার্নালিজম (মোজো) ও সিটিজেন জার্নালিজম কার্যত নিষিদ্ধ হয়ে যাবে।
তিনি আরও লিখেন, ‘ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল নিষিদ্ধের কোনো যৌক্তিকতা নেই। এমন সিদ্ধান্ত আগে কখনো দেখা যায়নি। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতির ইচ্ছা থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব।’
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘মোবাইল ফোন নিষিদ্ধ হলে ভোটকেন্দ্রে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হবে না। এতে অনেক ভোটার নিরাপত্তাহীনতায় ভুগে ভোট দিতে কেন্দ্রে যেতেও নিরুৎসাহিত হতে পারেন।’
তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিকভাবে অনিয়ম বা জালিয়াতির চিত্র জনসম্মুখে আনতে তা কার্যকর নয়। অথচ ব্যক্তিগত মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিক ও সাধারণ নাগরিকরা সঙ্গে সঙ্গে অনিয়মের ভিডিও ধারণ ও প্রচার করতে পারেন, যা কেন্দ্র দখল ও ভোট চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, ‘ভোটকেন্দ্রে অনিয়মের ভিডিও যেন কেউ ধারণ করতে না পারে, সেই উদ্দেশ্যেই নির্বাচন কমিশন ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে। এটি সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দেওয়ার শামিল।‘
তিনি অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।