Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেবল বিএনপিই দুর্নীতি দমন করতে সক্ষম: তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৫ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪০

জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেগম খালেদা জিয়াই দেশে দুর্নীতি দমনের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করেছিলেন এবং প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছিলেন। বিএনপির এই বিষয়ে পূর্ব অভিজ্ঞতা ও সাফল্য রয়েছে। কেবল বিএনপিই দেশে কার্যকরভাবে দুর্নীতি দমন করতে সক্ষম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাসাবো তরুণ সংঘ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় বিএনপি চেয়ারম্যান এসব কথা বলেন।

এ সময় তারেক রহমান দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র পুনর্গঠনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঢাকা-৯ আসনের এই জনসভায় তিনি আগামী নির্বাচনে জয়লাভ করলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধান ও নাগরিক সুবিধা নিশ্চিত করার একগুচ্ছ প্রতিশ্রুতি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, অন্য দেশগুলো যদি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে, তবে আমরা কেন সবাইকে সঙ্গে নিয়ে তা পারব না? দেশ গঠনের লক্ষ্য নিয়ে এখন সব ভেদাভেদ ভুলে কাজ করার সময় এসেছে। অপ্রয়োজনীয় আলোচনা বন্ধ করে সবাইকে দেশ পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

এলাকার ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘১২ তারিখের ভোটে বিএনপি নির্বাচিত হলে ১৩ তারিখ থেকেই ঢাকা-৯ আসনের উন্নয়নে কাজ শুরু হবে। বিশেষ করে এই এলাকায় নতুন খেলার মাঠ তৈরি, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণ, রাস্তাঘাটের উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’ এ ছাড়া এলাকার জরাজীর্ণ বাঁশের সেতুগুলো স্থায়ীভাবে পাকাকরণের প্রতিশ্রুতিও দেন তিনি।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে তারেক রহমান পুনরায় জোর দিয়ে বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করা হবে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর