Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ শিল্পকারখানা চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করা হবে এবং নতুন শিল্পকারখানা স্থাপন করা হবে, যাতে সারাদেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিনের নির্বাচনি এলাকা জুরাইন-দয়াগঞ্জ লিংক রোডে আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, এক সময় শ্যামপুর এলাকায় ৪২টি ডাইং ফ্যাক্টরি ছিল, বর্তমানে তা কমে ১৮টিতে নেমে এসেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার সাধারণ মানুষ। বিএনপি ক্ষমতায় এলে এসব বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা হবে এবং নতুন কারখানা স্থাপনের মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়াতে বিএনপি কার্যকর উদ্যোগ নেবে। ইতোমধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা নির্বাচনের পর বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ঢাকাসহ সারাদেশে ভোকেশনাল, টেকনিক্যাল ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে, যাতে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

স্থানীয় সমস্যার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, হাসপাতালের অভাব, জলাবদ্ধতা, খাল খনন, কবরস্থানে যাতায়াতের রাস্তা, কর্মসংস্থানের সংকট এবং বন্ধ মিল-ফ্যাক্টরি—এসব সমস্যার সমাধান বিএনপির পক্ষেই সম্ভব। জনগণের সমর্থন পেলে ধানের শীষের সরকার এসব কাজ বাস্তবায়ন করবে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এই এলাকায় রাস্তা নির্মাণ, খাল খননসহ নানা উন্নয়ন কাজ হয়েছিল। বিএনপি সরকার গঠন করলে সেই উন্নয়নের ধারাবাহিকতা আবার ফিরিয়ে আনা হবে।

দেশ পরিচালনায় পরিকল্পনা ও অভিজ্ঞতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, কর্মসংস্থান ছাড়া কোনো দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। বিএনপিই একমাত্র দল, যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা ও সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

নারী ও সামাজিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের স্বাবলম্বী করা, কৃষকদের সহায়তা দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনাও রয়েছে, যার মাধ্যমে গৃহিণীরা সরাসরি সরকারি সহায়তা পাবেন।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, এলাকায় একটি হাসপাতাল স্থাপন করা হবে এবং সারাদেশে ঘরে ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এতে চিকিৎসাসেবার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

আগামী নির্বাচনকে শুধু ভোটের নির্বাচন নয়, দেশ গঠনের নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকারই জনগণের সমস্যার বাস্তব সমাধান করতে পারে। তাই বিভ্রান্ত না হয়ে বাস্তবসম্মত প্রতিশ্রুতিতে আস্থা রাখার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে তারেক রহমান ঢাকা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিনের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন। এ সময় তিনবারের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দীন আহমেদসহ আলেম সমাজ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর