Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশা করি জনগণ সঠিক রায় দেবে: জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০১

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জনগণের প্রতি আস্থাশীল। আশা করি জনগণ সঠিক রায় দেবে। ফলাফল যাইহোক জনগণ যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তাহলে আমরা বিজয়ী হই কিংবা বিরোধী দলে যাই, শ্রদ্ধার সঙ্গে মেনে নেব।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের জরুরি বৈঠক শেষে এ আহ্বান জানিয়েছেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জাতি অতীত রাজনীতির ভুক্তভোগী। আমরা জাতিকে দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচার সম্পন্ন এক মানবিক বাংলাদেশ উপহার দেব।

তিনি বলেন, পরপর ৪টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। সামনের নির্বাচন ঘিরে দেশব্যাপী উৎসবের আমেজ বইছে। গণরায় প্রতিষ্ঠা হলে জাতির আনন্দ পূর্ণতা পাবে।

বিজ্ঞাপন

জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অনেক অপপ্রচার হতে পারে। জনগণকে আহ্বান জানাব ১১ দলের কেন্দ্রীয় বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্যকে নির্দেশনা হিসেবে নেবেন না। কেউ ভোট ডাকাতি করতে এলে আমরা জনগণকে আহ্বান জানাব প্রতিহত করার।

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয় হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ খুলে যাবে। ‘হ্যাঁ’-এর বিজয় হলে অতীতের নির্যাতন-নিপীড়নের অবসান ঘটবে এবং তার ন্যায়সংগত বিচার হবে। ‘হ্যাঁ’-এর বিজয় হলে শহিদ শরিফ ওসমান হাদির পরিবার বিচার পাবে।

তিনি আরো বলেন, আমরা সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা আবারও বলছি, আমরা তরুণদের হাতে ক্ষমতা তুলে দিতে চাই। আমরা যুবকদের বেকার ভাতা দেব না বরং তাদের হাতে কাজ তুলে দিব।

আইনশৃঙ্খলা ও সহিংসতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, এ ধরণের বিচ্ছিন্ন ঘটনা অতীতেও ঘটেছে। এগুলো মোকাবিলা করেই অতীতে জনগণ তাদের দায়িত্ব পালন করেছে। এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। দেশের শতকরা ৪০ ভাগ ভোটার জীবনে একটাও ভোট দিতে পারেনি। কেউ ভোটের মাঠ নষ্ট করবে, এটা আমরা বিশ্বাস করে তারা বরদাশত করবে না। ভোটাররাই এর জবাব এবং প্রতিরোধ গড়ে তুলবে। তবে আমরা চাই শৃঙ্খলাবিধানের যে বাহিনীগুলো আছে তারা যেন তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে। তাহলে জনগণকে আর দায়িত্ব পালন করতে হবে না। কিন্তু কেউ যদি ব্যর্থ হয়, তাহলে জনগণ বসে থাকবে না। জনগণ তাদের দায়িত্ব পালন করবে। সুষ্ঠু ভোট আদায় করে ছাড়বে।

অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ যখন বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে তখন আমরা শ্রদ্ধার সঙ্গে মেনে নেব। আমরা বিজয়ী হই অথবা বিরোধী দলে বসি, এটা কোনো মেটার করে না। আমরা জনগণের ওপর গভীর আস্থাশীল। আশা করি জনগণ সঠিক রায় দেবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুছা বিন ইজহার, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, লিবারেল ডেমোক্রেটিক পার্টির উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ মাহবুবুর রহমান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর