ঢাকা: ঢাকা-১৮ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন তার ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাতটা ৪৫ মিনিটে উত্তরার আবদুল্লাহপুরে মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন।
এ সময় সাংবাদিকদের সাথে তিনি বলেন, নির্বাচনে লাখ লাখ মানুষ ভোট দেবে। আমি চাই তারা সবাই যেন দ্রুত ভোট দিতে পারে কর্তৃপক্ষ যেন সেই ব্যবস্থা করে দেন।
তিনি বলেন, পরিস্থিতি অনেক ভাল দেখলাম। আশা করি সারাদিন এভাবে থাকবে। জনগণ কাঙ্খিত যে ভোট চায় সেই ভোটের প্রতিফল ঘটবে। আমি বিশ্বাস করি বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হবে। যে নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে। অনেকদিন জনগণ তাদের ভোট থেকে বঞ্চিত ছিল। যে বঞ্চনা থেকে আজকে পরিত্রাণ পাবে।
দেশের মানুষ জনগণের একটা নির্বাচিত সরকার পাবে। যে সরকার হবে মানবিক সরকার। জনগণের জন্য সরকার। এখন পর্যন্ত আমি যে পরিবেশ দেখলাম, আমি নিজে ভোট দিয়েছি। আশা করি ভাল হবে। বাকি সেন্টারগুলোতে যাব। দেখা যাক কি হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবগুলোই ঝুকিপূর্ণ আবার কোনোটাই ঝুকিপূর্ণ নয়। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। আমি মনে করি উনারা যদি চেষ্টা করেন। যদি সঠিক দায়িত্ব পালন করেন। তাহলে আশা করি একটি ভাল ভোট হবে। হয়তোবা কোনো গোষ্ঠি যদি মনে করে হেরে যাবে। তারা যদি কোনো অরাজকতা সৃষ্টি করতে চায়। চেষ্টা করতে পারে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সঠিক দায়িত্ব পালন করলে কোনো সমস্যা হবে না।
তিনি বলেন, আমি ৩০ বছর যাবত জনগণের পাশে আছি। আশা করি জনগণ রায় দিয়ে আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। সব প্রার্থীকে বন্ধু মনে করি। আমি সব প্রার্থীর সঙ্গে কথা বলেছি। আমি সবাইকে নিয়ে ঢাকা-১৮ আসনের সংসার করব। সবাইকে বলেছি ভোটের জন্য হানাহানি করব না। জনগণ যাকে ভোট দেবে সেই বিজয়ী হবে। আমাকে নির্বাচিত করলে সবাইকে নিয়ে কাজ করব।
ঢাকা-১৮ আসনে বৈধ প্রার্থী রয়েছেন ১০ জন। তার মধ্যে নাগরিক ঐক্যর প্রার্থী মাহমুদুর রহমান মান্না ফেসবুকে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন ও ১১দলীয় ঐক্যের এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম।