ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেছেন, ভোট গণনা সুষ্ঠু হলে ধানের শীষের বিজয় নিশ্চিত। বিএনপির বিজয় অনিবার্য এবং নিরঙ্কুশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে নির্বাচনি অফিসে এক সংবাদ সম্মেলন তিনি নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তী সরকার, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। একইসঙ্গে নির্বাচনি সহিংসতায় আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।
মাহ্দী আমিন অভিযোগ করে বলেন, নির্বাচনকে বিতর্কিত করতে আগের রাত থেকেই বিভিন্ন স্থানে সহিংসতা, কারচুপি ও কালো টাকার ব্যবহার হয়েছে। ভোটারদের হুমকি দিয়ে কেন্দ্রবিমুখ করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এসব ঘটনা না ঘটলে ভোটার উপস্থিতি আরও বেশি হতে পারত বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অনেক জায়গায় আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গেছে, জাল ভোট দেওয়ার অভিযোগ এসেছে। কেউ কেউ কেন্দ্রে গিয়েও নিজের ভোট দিতে পারেননি—এ ধরনের অভিযোগও রয়েছে, যা অতীতের অপসংস্কৃতির পুনরাবৃত্তি।
স্থানীয় ভুয়া পর্যবেক্ষক তৈরির মাধ্যমে এক ধরনের ‘মব’ সৃষ্টির চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে আগে থেকেই নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছিল জানিয়ে বলেন, কমিশন কিছু পদক্ষেপ নিলেও তা আরও আন্তরিক ও সামগ্রিক হলে পরিস্থিতি ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টির অপচেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা। তবে তিনি বলেন, ‘বিএনপির বিজয় অনিবার্য—এটি স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না।’
দেশের জনগণ আবেগ ও প্রত্যাশা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, ‘জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার সেই প্রত্যাশা পূরণ করবে।’
চূড়ান্ত ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করে সুষ্ঠু গণনা নিশ্চিত করতে সজাগ থাকতে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি।