সিরাজগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের পাঁচটিতে বিএনপি’র ধানের শীষের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। আর একটি আসনে জিতেছে জামায়াতে ইসলামীর প্রার্থী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টায় জেলার ছয়টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম জেলার ৬টি আসনের ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সিরাজগঞ্জ-১ (সদর-কাজিপুর)-এ বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর (দাঁড়িপাল্লা) শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট।
সিরাজগঞ্জ-২ (সদর কামারখন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর (দাঁড়িপাল্লা) মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ তাড়াশ) বিএনপি মনোনীত প্রার্থী আইনুল হক ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ আব্দুর রউফ সরকার পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া সলঙ্গা) আসনে জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী (দাঁড়িপাল্লা) আলী আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৮০৫ ভোট।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মুহিতকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির এস এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮২৪ ভোট।