জবি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ড. মো. রইস উদ্দীন।
দোয়া মাহফিলে বক্তব্যে তিনি বলেন, ‘গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অমানুষিক নির্যাতন সহ্য করেছেন, জীবন ও সম্পদ উৎসর্গ করেছেন, বিশেষ করে ২০২৪ সালের শহীদদের — এই বিজয়ের মুহূর্তে তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত।’
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এবারের নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় দেশ গণতান্ত্রিক ধারায় অগ্রসর হবে এবং ভবিষ্যতে গণতন্ত্র আরও সুসংহত হবে।
তিনি আরও বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ সুচারুভাবে পরিচালিত হলেও স্বৈরাচারী হস্তক্ষেপের কারণে সেই ধারাবাহিকতা দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।’
তবে পরবর্তীতে প্রায় ১৭ বছর ফ্যাসিবাদী শাসনের কারণে গণতন্ত্র বাধাগ্রস্ত হয় বলে তিনি মন্তব্য করেন। দীর্ঘসময় পর তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত ও সুরক্ষিত হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
এ ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন আগের যে কোনো সময়ের তুলনায় আরও অগ্রসর হবে।
ইউট্যাবের (জবি শাখা) সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউট্যাব জবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদ।
দোয়া পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মো. সালাহ্ উদ্দিন।
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক প্রতিনিধিসহ অনেকেই উপস্থিত ছিলেন।