জাবি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে, তা জনগণের দীর্ঘদিনের রাজনৈতিক প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক বহিঃপ্রকাশ। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রদত্ত এই জনরায় প্রমাণ করে যে জনগণ একটি অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে তাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মনে করে, এই বিজয় কেবল একটি রাজনৈতিক দলের সাফল্য নয়, বরং এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে জাতির একটি গুরুত্বপূর্ণ অর্জন।’
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাতও কামনা করে। একই সঙ্গে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ ও আহতদের স্মরণ করা হয়।
বলা হয়, ‘গণতন্ত্র, ন্যায়বিচার ও মর্যাদাপূর্ণ নাগরিক জীবনের প্রত্যাশায় যারা আত্মত্যাগ করেছেন, তাদের ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’
এ ছাড়াও বিবৃতির শেষাংশে আরও বলা হয়, ‘তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাবে।’
আরও প্রত্যাশা ব্যক্ত করা হয়, নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে এবং রাষ্ট্র, দল, মত নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমানভাবে কাজ করা হবে। এ লক্ষ্যে একটি সমন্বিত, অংশগ্রহণমূলক ও ঐক্যবদ্ধ রাষ্ট্র নির্মাণে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।