Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৩

বাউফলের ভাংচুরের ছবি।

পটুয়াখালী: জেলার বাউফল উপজেলায় ভোট দেওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কালাইয়া বন্দরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে সকাল সোয়া নয়টার দিকে ডেকোরেটর ব্যবসায়ী মো. শাহ আলম বিপ্লবের (৪৬) ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা চালায় উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াসের অনুসারী সুজন, আল আমিন, মিজানসহ যুবদল কর্মীরা। পরে তারা একই দলবল নিয়ে মো. সেলিম (৫২) নামের এক কাঠ-ব্যবসায়ীকে মারধর করে। এসব হামলা ঘটিয়ে তারা দেশীয় অস্ত্রসহ উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মো. গিয়াস উদ্দিনের বাসায় অবস্থান নেন। এই খবর পেয়ে জামায়াতে ইসলামী সমর্থিত কর্মী-সমর্থক ও স্থানীয় ব্যবসায়ীরা একত্রিত হয়ে গিয়াসের ব্যবসা-প্রতিষ্ঠানে (যা একই সঙ্গে দলীয় কার্যালয়) হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় গিয়াসের বাসভবনের সামনে রাখা অন্তত ১০টি মোটরসাইকেল ও ফ্রিজ ভাংচুর করা হয়।

বিজ্ঞাপন

এ দিকে আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে কনকদিয়া ইউনিয়নের পশ্চিম বীরপাশা খায়েরবাজার এলাকায় বিএনপির কর্মী আলমগীর গাজী (৫৫) ও শাহাবুদ্দিন সরদারকে (৪৮) পিটিয়ে জখম করে জামায়াতের কর্মী-সমর্থকরা। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ছাড়াও আজ (শুক্রবার) দুপুর একটার দিকে কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে মো. ফিরোজ (৫৫) নামের জামায়াতের এক সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে বিএনপির কর্মী-সমর্থকেরা। আহত ফিরোজকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘কয়েকটি জায়গায় হামলা, ভাঙচুর ও মারধরের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জামায়াতের বিজয়ী প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রতিহিংসার রাজনীতি তিনি পছন্দ করেন না। কোনোভাবেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। তার কোনো কর্মী-সমর্থক হামলা ও মারামারির ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে অবশ্যই দলীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর