ঢাকা: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন এবং অর্থনীতিকে সচল রাখাকেই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। দিস আর দ্যা চ্যালেঞ্জ ‘
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে বিএনপি ২০৯ আসনে বিজয়ী হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার গঠনের কথা জানান তিনি।
নির্বাচনের ফলাফল নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই ফলাফল একদিকে আনন্দময়, আরেকদিকে বিষাদময়। আমাদের দলের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না, এটা বিষাদময়।’
তিনি বলেন, ‘অনেক শত-সহস্র রক্তের বিনিময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে একটি চমৎকার, উৎসবমুখর ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অভিভূত ও মুগ্ধ। এই ধারাবাহিকতা যদি আমরা রাখতে পারি, তাহলে গণতন্ত্রের ধারাবাহিকতাও রক্ষা করতে পারব।’
আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের ব্যাপারে ইতিমধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে পরবর্তী সিদ্ধান্ত আসবে।’