পাবনা: পাবনা-৫ আসনের ভোট পুনর্গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতের পাবনা দলীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা সেক্রেটারি আব্দুল গাফফার খান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৭২, পাবনা-৫ (পাবনা সদর) আসনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পর বিভিন্ন কেন্দ্রে ভোট গণনায় অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
এ কারণে তারা সংশ্লিষ্ট আসনের ভোট পুনর্গণনার দাবি করেন এবং দলীয় কর্মীদের ওপর হামলা ও দলের কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন।
সংবাদ সম্মেলন পরিচালনা করেন জামায়াতে ইসলামীর পৌর আমির আব্দুল লতিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এস. এম. সোহেল, সদর আমির আব্দুর রবসহ নেতা-কর্মীরা।