Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের নেতৃত্বে বিজয়ীদের অভিনন্দন হেফাজতের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০১

চট্টগ্রাম ব্যুরো: ভূমিধস বিজয় অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও দলটির নেতৃত্বাধীন জোটকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে হেফাজতে ইসলাম। রাষ্ট্রক্ষমতায় গিয়ে বিএনপি দেশের সার্বভৌমত্ব ও ইসলামি মূল্যবোধ রক্ষায় ভূমিকা রাখবে বলে আশা কওমি মাদরাসাভিত্তিক এ সংগঠনটির।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান এ প্রত্যাশার কথা জানান। সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এ বিবৃতি পাঠিয়েছেন।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, ‘দেশের জনগণের প্রত্যাশা ও গণরায়ের ভিত্তিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করায় তারেক রহমান ও বিএনপি জোটকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা। সকল সংসদ সদস্যদের আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে।’

বিজ্ঞাপন

রাষ্ট্রক্ষমতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক মহান নেয়ামত উল্লেখ করে তারা বলেন, ‘আমরা আশা করি, তারেক রহমানের নেতৃত্বে নতুন যে সরকার গঠিত হবে, তারা সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্র পরিচালনায় অগ্রসর হবে এবং দেশের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। দেশের মসজিদ-মাদরাসা, আলেম-ওলামা, জনগণের ধর্মীয় ও মানবাধিকার সংরক্ষণ, আইনের শাসন নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, মুসলিম শিক্ষা, সভ্যতা ও তাহজীব তামাদ্দুন সংরক্ষণে নতুন সরকার দৃঢ় পদক্ষেপ নেবে। দেশের সার্বভৌমত্ব ও ইসলামি মূল্যবোধ রক্ষায় সাহসী ভূমিকা পালন করবে।’

‘একইসঙ্গে সকল রাজনৈতিক মত ও পথের প্রতি সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে জাতীয় ঐক্য সুদৃঢ় করবে। ফ্যাসিবাদী যে কোনো পন্থার শিকড় মূলোৎপাটনে সাহসী ভূমিকা পালন করবে। ক্ষমতাসীনরা নিজেদের শাসক নয়, জনগণের সেবক মনে করবে।’

নির্বাচনের পর সহিংসতার অভিযোগ তুলে হেফাজত নেতারা বলেন, ‘দেশে নির্বাচন পরবর্তী যে সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য দেখা যাচ্ছে, তা কখনোই কোনো জাতির কল্যাণ বয়ে আনবে না। বরং এগুলো সরকার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমরা নতুন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—সন্ত্রাস ও সহিংসতা দমনে কঠোর কিন্তু ন্যায়ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করুন।’

‘আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও মানবিক হিসেবে গড়ে তুলতে কার্যকর প্রশিক্ষণমূলক কর্মপন্থা গ্রহণ করুন। নৈতিক মূল্যবোধভিত্তিক কর্মসূচি জোরদার করে তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার উদ্যোগ নিন।’

দেশের নাগরিক সমাজ ও তরুণ প্রজন্মের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক স্ট্যাটাস, প্রতিপক্ষকে আক্রমণ, মিথ্যা তথ্য ছড়ানো এবং সহিংস কার্যকলাপ থেকে নিজেকে দূরে রাখার আহ্বান জানান হেফাজত নেতারা।

সারাবাংলা/আরডি/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর