Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট প্রদানকে কেন্দ্র করে ধর্ষণ, জামায়াতের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফাইল ছবি

ঢাকা: নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভোট প্রদানকে কেন্দ্র করে তিন সন্তানের জননী এক নারীর ওপর সংঘটিত ন্যাক্কারজনক ধর্ষণ ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ভোট দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার জেরে স্বামীকে বেঁধে রেখে তিন সন্তানের জননী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এটি শুধু একটি জঘন্য অপরাধই নয়, বরং মানবাধিকার, নারীর মর্যাদা ও গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত। ভোট প্রদান একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। এ অধিকার প্রয়োগের কারণে কোনো নারীকে এমন পাশবিক নির্যাতনের শিকার হতে হবে-এটি সভ্য সমাজে অকল্পনীয় ও লজ্জাজনক।’

বিজ্ঞাপন

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। কোনো প্রকার রাজনৈতিক প্রভাব বা চাপ যেন তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে ভুক্তভোগী নারী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে সর্বোচ্চ চিকিৎসা ও আইনগত সহায়তা প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘নারীর প্রতি সহিংসতা ও রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর