ঢাকা: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির নেত্রী বিদিশা এরশাদ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক খোলা চিঠিতে তিনি এ শুভকামনা জানান।
খোলা চিঠিতে বিদিশা এরশাদ জানান, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে যাওয়া তারেক রহমানকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তিনি বলেন, এই পথ সহজ ছিল না। সময়, ধৈর্য, আত্মসংযম ও রাজনৈতিক প্রজ্ঞার দীর্ঘ পরীক্ষার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। সেই অভিজ্ঞতা ও উপলব্ধিই বর্তমান বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে তিনি মনে করেন।
তিনি আরও উল্লেখ করেন, একটি দেশ যখন স্থিরতা, আস্থা ও দিকনির্দেশনা খোঁজে, তখন নেতৃত্ব শুধু ক্ষমতার বিষয় থাকে না। তা হয়ে ওঠে দায়িত্ব ও প্রত্যাশার ভার। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য আরও দৃঢ় হবে, গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী হবে এবং জনগণের রাষ্ট্রের প্রতি আস্থা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নতুন দায়িত্ব পালনের সূচনায় তারেক রহমানের সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও মানসিক দৃঢ়তা কামনা করে বিদিশা এরশাদ বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ শান্ত, ন্যায়ভিত্তিক ও আত্মমর্যাদাশীল ভবিষ্যতের পথে এগিয়ে যাবে, এমন প্রত্যাশাই তার।