Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০০ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮

বায়তুল মোকাররমের উত্তর গেটে ১১ দলের বিক্ষোভ সমাবেশে চলছে

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সারাদেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যভুক্ত দলগুলোর আহ্বানে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহ-প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন জানান, নির্বাচন-পরবর্তী সারাদেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে এই সমাবেশ হচ্ছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হবে। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে শাহবাগ পর্যন্ত যাওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য দিচ্ছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতারা। উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা-১২ আসনের নবনির্বাচিত এমপি সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির চাপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি নুরুল ইসলাম বুলবুল, দক্ষিণের সাধারণ সম্পাদক পটুয়াখালী-৩ আসনের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের আমির সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক ড. রেজাউল করিম, মেজর (অব.) আক্তারুজ্জামান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

বায়তুল মোকাররমের উত্তর গেটে ১১ দলের বিক্ষোভ সমাবেশে চলছে

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ২৯৯ আসনে ভোট হলেও ফলাফল দেওয়া হয়েছে ২৯৭টির। এর মধ্যে ৭৭টি আসনে বিজয়ী হয়েছে জামায়াত জোট।

শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন পেয়েছে ছয়টি। বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিস পেয়েছে একটি আসন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর