ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেলিফোনে বাবুনগরীর সঙ্গে কথা বলে তিনি এ আমন্ত্রণ জানান বলে দলীয় সূত্রে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ আয়োজনে দেশের শীর্ষ আলেমদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিএনপি সূত্র জানিয়েছে।
এদিকে শপথের আগের দিন সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান।
নতুন সরকার গঠনের প্রাক্কালে দেশের শীর্ষ ধর্মীয় নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের যোগাযোগ ও সাক্ষাৎকে রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের আগে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক শক্তির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার কৌশলের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া।