ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জনগণের সঙ্গে থাকব। জাতির পাশে থেকে দায়িত্ব পালন করব।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে নব নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, সরকারের দুটি অঙ্গ; একটা সরকারি দল একটা বিরোধী দল। বিরোধী দল যেন তাদের ন্যায্য অধিকার সংসদে কথা বলার সুযোগ পায় সেটা আশা করব। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা আমাদের দিন থেকে নৈতিক দায়িত্ব পালন করব। আমরা তাদের আশ্বস্ত করব দেশ এবং জাতির স্বার্থে আপনাদের পাশে আছি। হাতে হাত রেখে কাজ করব। স্বার্থ বিঘ্নিত হলে আমরা আমাদের দায়িত্ব পালন করব।
‘আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সৌন্দর্য বিধান করা, মানুষের অধিকার নিশ্চিত করা, জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণ যে বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে অতিষ্ট সেগুলো থেকে আমরা বের করে আনতে পারব যদি সরকারি দল উদ্যোগ নেয়। আমরা সেক্ষেত্রে সহযোগিতা করব। সার্বিক বিশৃঙ্খলা থেকে জাতিকে বের করে আনা এবং জুলাই আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে আমরা দায়িত্ব পালন করব।’
তিনি বলেন, ১৯৪৭ সালে যারা সংগ্রামী ছিলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন তারা তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন না করার কারণে যে বৈষম্য তৈরি হয়েছিল এর বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ ফুঁশে উঠেছিল। ৭০ এর নির্বাচনে তার প্রতিফলন হয়েছিল। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার কথা ছিল। সেটি না হওয়ার কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। সেই মুক্তিযুদ্ধে অসংখ্য জীবন চলে গেছে, অসংখ্য আহত পঙ্গু হয়েছেন। যারা যুদ্ধ করেছেন, যারা চলে গেছেন এবং যারা আহত হয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন দলের নায়েব আমির ও নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদের সদস্য ও এমপি সাইফুল আলম খান, সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।