Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে এমপি ও সংস্কার পরিষদের শপথের দাবি এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৭

ঢাকা: রাজধানীতে জুলাই জাতীয় সনদে সই শেষে একসঙ্গে জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিফিংয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, এবারের নির্বাচন একই সঙ্গে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। তাই নির্বাচিত প্রতিনিধিদের পরপর দুটি শপথ পড়ানো উচিত। প্রথমে সংস্কার পরিষদের সদস্য হিসেবে, পরে সংসদ সদস্য হিসেবে।

তিনি বলেন, ‘আমরা আশা করি, একজন ব্যক্তির মাধ্যমেই যেভাবে জুলাই জাতীয় সনদ সম্পন্ন হয়েছে এবং যিনি প্রধান নির্বাচন কমিশনার আছেন, তার নেতৃত্বেই দুটি শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে।’

বিজ্ঞাপন

আখতার হোসেন আরও জানান, সরকারে আহ্বানে নাহিদ ইসলাম-এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল জুলাই জাতীয় সনদে সই করেছে। তবে তারা ‘নোট অব ডিসেন্ট’ ছাড়া গণভোটের পূর্ণাঙ্গ বাস্তবায়নের শর্তে সই করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে। সেই গণরায়ের ভিত্তিতেই দুই ধরনের শপথের বিষয়টি স্পষ্টভাবে নির্ধারিত রয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আইন উপদেষ্টা ও সংসদ বিভাগের সচিবের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় তারা জেনেছেন যে আগামীকাল দুটি শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গণভোটের আদেশ অনুযায়ী, নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদ ও সংস্কার পরিষদের সদস্য হবেন এবং সে অনুযায়ী পরপর দুটি শপথ গ্রহণ করবেন।

ব্রিফিংয়ে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর