ঢাকা: নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দলের যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে এনসিপি থেকে নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ—উভয় পদেই শপথগ্রহণ করবেন। তবে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তারা মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না।
আব্দুল্লাহ আল আমিন আরও অভিযোগ করেন, বিএনপি জনগণের রায় ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করছে। এই প্রতিবাদের অংশ হিসেবেই এনসিপি আজ অনুষ্ঠিতব্য মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠান বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিকেলে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণের কথা রয়েছে। তবে এনসিপির এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইতিপূর্বে এনসিপির ৬ জন সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও তারা সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার এই অংশটি থেকে দূরে থাকার ঘোষণা দিলেন।