Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের রায়কে সম্মান জানাতেই সংসদে বিএনপি: আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৩ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জনগণের রায়কে সম্মান জানাতে এবং তাদের পক্ষে কথা বলতেই বিএনপি সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন। এর আগে সকাল পৌনে ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে শপথ নেন বিএনপির সংসদ সদস্যরা।

শপথ নেওয়া বা না নেওয়া প্রসঙ্গে আমীর খসরু বলেন, কারা শপথ নেবেন বা নেবেন না সেটি একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে বিএনপি মনে করে যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, তাই ভোটারদের সেই রায়কে সম্মান জানাতে অবশ্যই সংসদে যেতে হবে এবং জনগণের পক্ষে জোরালো ভূমিকা রাখতে হবে। সংসদকে কার্যকর করার জন্য তিনি সব সংসদ সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সংবিধান পরিবর্তন বিষয়ক আলোচনার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, যেকোনো কিছু করতে হলে তা সাংবিধানিকভাবেই করতে হবে। এ মুহূর্তে সংবিধানে যা নেই, তা করার কোনো সুযোগ নেই। বিএনপি সবসময় সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশ সাংবিধানিক ধারাতেই চলা উচিত বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সন্ধ্যার মধ্যেই নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

বিক্ষোভ কর্মসূচি বাতিল করেছে জামায়াত
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫১

আরো

সম্পর্কিত খবর