Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরোধী দলের সঙ্গে সৌহার্দ্য ও আন্তরিকতায় কাজ করতে চাই: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৭ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: বিরোধী দলের সঙ্গে সৌহার্দ্য ও আন্তরিকতায় কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় সংসদকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হবে। নবগঠিত এই সংসদই আগামী দিনে জাতিকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বলিষ্ঠ নেতৃত্ব দেবে। এখন থেকে দেশের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কার্যক্রম সংসদকেন্দ্রিক হবে। বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে জাতিকে একটি উন্নত ও ঈপ্সিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সংসদ কতটা কার্যকর হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সব কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত হবে। এটি ভবিষ্যতে দেশবাসী প্রত্যক্ষ করবেন। একটি কার্যকর সংসদ উপহার দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।’

বিরোধী দলের সঙ্গে সরকারি দলের সম্পর্ক কেমন হবে—তা নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিরোধী দলীয় সংসদ সদস্যদের শপথ নেওয়া অত্যন্ত আনন্দের সংবাদ। আমরা সংসদে বিরোধী দলের সঙ্গে অত্যন্ত আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করতে চাই। দেশের স্বার্থে সংসদীয় কার্যক্রমকে গতিশীল করতে সবার সহযোগিতা প্রয়োজন।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের শাসন ব্যবস্থায় নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর