ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের ম্যান্ডেট রক্ষার আহ্বান জানিয়ে সরকারকে কঠোর বার্তা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন বা ক্ষমা করার চেষ্টা করা হলে ছাত্র-জনতা এবং ইতিহাস কেউই তা মেনে নেবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় নবগঠিত সরকারকে অভিনন্দন জানালেও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সতর্ক অবস্থান তুলে ধরেন এবি পার্টির চেয়ারম্যান।
মঞ্জু বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় রাজনৈতিক সুবিধাভোগী বর্তমান প্রধানমন্ত্রী ও তার দল। শত শত শহিদের আত্মত্যাগের বিনিময়ে তৈরি হওয়া ‘জুলাই সনদ’ যেন কোনোভাবেই ভূলুণ্ঠিত না হয়, সে বিষয়ে সরকারকে দায়িত্বশীল থাকতে হবে।
তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার কার্যক্রমের প্রসঙ্গ টেনে বলেন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ীদের বিচারের বিষয়টি দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিতে হবে। আগের সরকারের শুরু করা সংস্কার কার্যক্রমও থেমে থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের পুনর্বাসন ও বিভিন্ন এলাকায় কার্যালয় খোলার প্রসঙ্গে মঞ্জু প্রশ্ন তোলেন, একটি নিষিদ্ধ ঘোষিত দল কীভাবে প্রকাশ্যে সংগঠনিক কার্যক্রম চালায়। তার দাবি, বিচার ছাড়া কোনো ‘জালেম শক্তি’কে পুনর্বাসনের দৃষ্টান্ত স্থাপন করলে তা ভবিষ্যতে রাষ্ট্রের জন্য বিপজ্জনক বার্তা দেবে।
নির্বাচন ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, সাম্প্রতিক নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ জনআস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চিকিৎসকসহ বিভিন্ন পেশাজীবীর জন্য পোস্টাল ব্যালট বা আগাম ভোটের বিধান চালুর প্রস্তাব দেন।
নির্বাচন-পরবর্তী সহিংসতা ও বিরোধী নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সবশেষে তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন সরকার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অহংকার নয়, বরং জনগণের প্রতি জবাবদিহিতা ও বিনয় প্রদর্শনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করবে।