Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে সিন্ডিকেট দমনে যৌথ বাহিনীকে ‘ম্যাজিস্ট্রেসি ক্ষমতা’ দেওয়ার দাবি এবি পার্টির

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৮

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

ঢাকা: আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও বাজারে সক্রিয় সিন্ডিকেট ভাঙতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যৌথ বাহিনীকে ‘ম্যাজিস্ট্রেসি ক্ষমতা’ দিয়ে মাঠে নামানোর দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, রমজান ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাজার অস্থির হয়ে উঠছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। রাজনৈতিক প্রভাবের ছায়ায় একটি বাজার সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যা কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধিতে ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

ব্যারিস্টার ফুয়াদ বলেন, যদি দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত কেউ সরকারি দলের পরিচয়ে থেকেও থাকেন, তবে তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। জনগণের স্বার্থে কোনো ছাড় দেওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, রমজান মাস ও ঈদ পর্যন্ত প্রয়োজনে যৌথ বাহিনীকে মাঠে রাখা যেতে পারে। এ ক্ষেত্রে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সরাসরি বাজার তদারকি, অভিযান পরিচালনা এবং অনিয়মকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করা উচিত। এতে বাজারে শৃঙ্খলা ফিরবে এবং ভোক্তারা স্বস্তি পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, যৌথ বাহিনী গত প্রায় দেড় বছর ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও তারা অনেকটাই ক্লান্ত, তবুও বর্তমান প্রেক্ষাপটে জনগণের স্বার্থে বিশেষ দায়িত্ব পালনে সরকার বিষয়টি বিবেচনা করতে পারে।

সরকারকে সতর্ক করে দিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল জনগণের ভোগান্তি কমানো ও সুশাসন প্রতিষ্ঠা। যদি সরকার বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তবে তা জনরায়ের পরিপন্থী অবস্থান হিসেবে বিবেচিত হবে।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু উপস্থিত ছিলেন। তিনি সরকারের চলমান সংস্কার উদ্যোগ ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন।