Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুবাই ফেরত সাবেক ছাত্রলীগ ক্যাডার অস্ত্রসহ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩২

চট্টগ্রামে দুবাই ফেরত সাবেক ছাত্রলীগ ক্যাডার অস্ত্রসহ গ্রেফতার। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: হত্যা মামলার আসামি হয়ে প্রায় আট বছর দুবাইয়ে পলাতক থাকার পর দেশে ফেরা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক এক ক্যাডারকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগর এলাকায় লিঙ্ক রোড থেকে তাকে এক সহযোগীসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমতিয়াজ সুলতান ইকরাম (২৭) নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার ফরেস্ট গেট এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, ইকরামের সঙ্গে তার ব্যক্তিগত গাড়ির চালক আবুল কামাল আজাদকেও (৬২) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় ও পরে ইকরামের বাসায় অভিযান চালিয়ে ৭ পয়েন্ট ৬৫ বোরের দু’টি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাবের চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, অস্ত্র কেনাবেচা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইকরাম ও তার গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে। প্রায় আট বছর আগে ইকরাম বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন। বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার পরিচয়ে রিচ কিডস নামে একটি কিশোর গ্যাং পরিচালনা করতেন।

২০১৭ সালে চট্টগ্রামে স্কুলছাত্রী তাসফিয়া আমিন খুনের মামলায় আসামি হওয়ার পর ইকরাম দুবাইয়ে পালিয়ে যায়। সেখানে থাকা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বড় সাজ্জাদের সঙ্গে তার সখ্যতা হয়। সেখান থেকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী, অক্সিজেন ও মুরাদপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিদেশি নম্বর ব্যবহার করে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন।

উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিলে দেশে ফিরে আসেন ইকরাম। কিছুদিন আড়ালে থাকার পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে বড় সাজ্জাদের ক্যাডার হিসেবে আবির্ভূত হয়। এর পর গত বছরের নভেম্বরে সন্ত্রাসী হামলায় নিহত সন্ত্রাসী সরোয়ার বাবলার গ্রুপে যোগ দেন।

বিজ্ঞাপন

নিয়োগ দেবে আকিজ ফুড
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৫

আরো

সম্পর্কিত খবর