ঢাকা: পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বাণীতে তিনি বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো বার্তায় তিনি বলেন, রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। এই মাসে একজন রোজাদার মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি সন্তুষ্টচিত্তে বান্দাকে ক্ষমা করে দেন।
তিনি উল্লেখ করেন, রমজান অধিক মর্যাদাশীল ও বরকতময় মাস; এ মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে যা মানবজাতির জন্য হিদায়াত ও সত্য-মিথ্যার পার্থক্যকারী।
বাণীতে আরও বলা হয়, রমজান ইবাদতের বিশেষ মৌসুম। সিয়াম সাধনার মাধ্যমে গুনাহ থেকে দূরে থাকা, আত্মিক ও আধ্যাত্মিক পরিশুদ্ধি অর্জন এবং তাকওয়া লাভই এ মাসের মূল উদ্দেশ্য। রোজা ও ইবাদতে আল্লাহর রহমত বহুগুণে বর্ষিত হয় বলেও তিনি উল্লেখ করেন।
সংযমের চর্চার মধ্য দিয়ে হিংসা-প্রতিহিংসা, অশ্লীলতা ও অমঙ্গলচিন্তা থেকে মুক্ত হয়ে সমাজে শান্তি, স্বস্তি ও ইনসাফ প্রতিষ্ঠার কামনা করেন তিনি। মাহে রমজানে সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন বিএনপির মহাসচিব।
অন্যদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বার্তায় বলেন, রমজান আত্মসংযম, আত্মত্যাগ ও আত্মশুদ্ধির মহিমান্বিত মাস।
তারা বলেন, সিয়াম সাধনা, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির চর্চা হয়। ব্যক্তিগত জীবনের শুদ্ধতার এ অনুশীলন রাষ্ট্রীয় জীবনেও প্রতিফলিত হোক। এ প্রত্যাশা ব্যক্ত করে রমজানের আলোয় প্রাত্যহিক জীবন আলোকিত হওয়ার আহ্বান জানান ছাত্রদল নেতারা।