ঢাকা: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজধানীর এতিম ও দুঃস্থদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পশ্চিম ভাসানটেকের একটি মাদরাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদরাসা ও এতিমখানায় এই ইফতারের আয়োজন করা হয়।
বিকেলে মাদরাসা প্রাঙ্গণে পৌঁছালে এতিম শিক্ষার্থীরা ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানায়। ইফতারের আগে তারা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনা ও খোঁজখবর নেন। এরপর মোনাজাতে অংশ নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। ইফতারের সময় ডা. জুবাইদা ও জাইমা রহমানকে অত্যন্ত সাদামাটাভাবে শিশুদের সঙ্গে একই কাতারে বসে ইফতার করতে দেখা যায়।
পবিত্র রমজান মাস জুড়ে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হেফজ মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিশেষ খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছে বিএনপি। এই কর্মসূচির আওতায় প্রতিটি মাদরাসার শিক্ষার্থীদের পুরো মাসব্যাপী ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।