ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির (রাজশাহী-১ আসনের সংসদ সদস্য) অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে গণবিরোধী সরকার গঠিত হয়েছে।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশে রক্ত প্রবাহিত না করে ঐক্যবদ্ধভাবে জনগণের রায় বাস্তবায়নে সরকার ও বিরোধী দলকে কাজ করতে হবে। গণভোটের রায় বাস্তবায়িত না করলে জনগণ সরকারকে মানবে না। ফলে আবারও মানুষ বিদ্রোহের পথ বেছে নেবে।
তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সকল আন্দোলন সংগ্রাম ছিল শাসকগোষ্ঠীর জুলুমের বিরুদ্ধে। জনগণের মতের বিরুদ্ধে গিয়ে শাসকগোষ্ঠী রাষ্ট্র পরিচালনা করলে জনগণ বিদ্রোহী হয়ে ওঠে এবং রাজপথে নেমে আসে। জনগণ রাজপথে নেমে আসলে কোনো ক্ষমতাধর ব্যক্তি আর ক্ষমতায় থাকতে পারে না।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, গণতন্ত্র সুসংহত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাদ দিয়ে যারা গণতন্ত্র সুসংহতের কথা বলে তারা মূলত স্বৈরতন্ত্র কায়েমের পথে হাঁটছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর মাল্টিপারপাস হলেরুমে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, আব্দুস সালাম, কামরুল আহসান হাসান, শাহীন আহমেদ খান প্রমুখ।