Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত নারী আসন
আলোচনায় জামায়াতের আমির ও নায়েবে আমিরের স্ত্রী

মো. মহসিন হোসেন স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে এরই মধ্যে সরকার গঠন শেষ হয়েছে। দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আর বিরোধীদল হিসেবে শপথ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার পালা সংরক্ষিত নারী আসনের নির্বাচন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনে জামায়াত ১১টি আসন পেতে যাচ্ছে। ফলে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব নিশ্চিতে জামায়াতে ইসলামীর সম্ভাব্য নারী প্রার্থীদের নাম নিয়ে দলীয়ভাবে আলোচনা চলছে।

তবে দলের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রীকে নিয়ে। কেউ কেউ বলছেন, আমিরের স্ত্রী সাবেক এমপি ডা. আমিনা বেগম ও নায়েবে আমিরের স্ত্রী ডা. হাবিবা চৌধুরী এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে পারেন।

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) জিএস সালাহ উদ্দিন আম্মার ২২ ফেব্রুয়ারি রাত ৮টায় এক পোস্টে লিখেন, ‘আমিরে জামায়াতের স্ত্রী ডা. আমিনা বেগম ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী ডা. হাবিবা আক্তার চৌধুরী সংসদ সদস্য হচ্ছেন। ডা. আমিনা বেগম ইতোপূর্বেও সংসদ সদস্য ছিলেন। উল্লেখ্য যে, জামায়েতে পরিবারতন্ত্র নেই।’

দলের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ নুরুন্নিসা সিদ্দিকা, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রকৌশলী মারদিয়া মমতাজ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি ডা. আমিনা বেগম রহমান (দলের আমিরের স্ত্রী), কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. হাবিবা চৌধুরী সুইট (নায়েবে আমির তাহেরের স্ত্রী), ঢাকা মহানগর দক্ষিণের মহিলা বিভাগ জামায়াতের সিনিয়র সদস্য ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য সাবেক এমপি শাহান আরা বেগম, সুপ্রিম কোর্টের আইনজীবী ও মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ব্যারিস্টার সাবিকুন্নাহার মুন্নী। তিনি ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

এ ছাড়া, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের স্ত্রীর নামও রয়েছে জামায়াতের সংরক্ষিত আসনের তালিকায়। এদের বাইরে আলোচনায় আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, মহিলা বিভাগের নেত্রী মার্জিয়া বেগম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খন্দকার আয়েশা খাতুন, জামায়াতে ইসলামীর রুকন ও নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবি, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য রাবেয়া খানম।

সেইসঙ্গে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. শিরিন আক্তার রুনা ও মহানগরীর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তানহা আজমির নামও উচ্চারিত হচ্ছে। পাশাপাশি মহানগরী কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সদস্য সচিব নার্গিস খান, মহানগরীর কর্মপরিষদ সদস্য কানিজ ফাতেমা, সেলিনা আক্তার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীনের নামও আলোচনায় রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় ফোরামে নেওয়া হবে। সূত্র আরও জানায়, মার্চের ১০-১২ তারিখের মধ্যে বসবে সংসদের প্রথম আধিবেশন। এর আগেই সংরক্ষিত নারী আসনে নিজেদের প্রার্থী ঠিক করতে কাজ করছে জামায়াত।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর উত্তরের প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার সারাবাংলাকে বলেন, ‘আমির ঢাকার বাইরে আছি। সংরক্ষিত নারী আসনে কারা মনোনয়ন পাবেন তা বলতে পারব না। আপনি কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি জুবায়ের ভাইয়ের সঙ্গে কথা বলেন।’

কিন্তু কথার বলার জন্য কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের নম্বরে কল দিলেও তিনি রিসিভ করেননি।

বিজ্ঞাপন

আরো

মো. মহসিন হোসেন - আরো পড়ুন
সম্পর্কিত খবর